স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা।
গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মশালা।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে “সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ (এসসিআই)” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কালীগঞ্জ উপজেলার মেঘবাড়ী রিসোর্টে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। “Building Green, Safe and Sustainable Primary Schools” প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় উপজেলার ১২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম এবং সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. শেখ তাহমিনা আউয়াল। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার।
কর্মশালায় টেকসই ক্যাম্পাস ব্যবস্থাপনা, সবুজ বিদ্যালয় চর্চা, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা এবং পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার নানা কৌশল তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালার সমাপনী পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রধান শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।