স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
কালীগঞ্জ উপজেলার কালিকুটি নজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায় চারতলা ভবনবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তি স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মাদরাসা প্রাঙ্গণে এই ভিত্তি স্থাপন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। তিনি বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন মাস্টার এবং সদস্য সচিব খালেকুজ্জামান (বাবলু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জাকির হোসেন সরকার।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কালীগঞ্জ শাখা সূত্রে জানা গেছে, রিলায়েন বাজেটের আওতায় অনাবাসিক ভবন নির্মাণ (৭০৯৬) প্রকল্পের আওতায় এই ভবনটি নির্মিত হচ্ছে। পয়ঃপ্রণালী, পানি সরবরাহ ও বৈদ্যুতিক কাজসহ চারতলা ভিত্তিবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণের কাজটি বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
প্রকল্পের তথ্য অনুযায়ী, কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে ২১ জুন ২০২৬ তারিখে। দরপত্র মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৭ লক্ষ ৯৮ হাজার ২৫৩ টাকা ৭৮ পয়সা। কাজের সময়সীমা ধরা হয়েছে ৩৬০ দিন। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে মেসার্স সুফিয়ান অ্যান্ড ব্রাদার্স।
প্রসঙ্গত, এমপি ফজলুল হক মিলন সম্প্রতি কালীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন। তিনি জানিয়েছেন, আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই এবং শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা হবে।