বিশেষ প্রতিনিধি :মুক্তাদির হোসেন.
গাজীপুরের কালীগঞ্জে ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার, ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ও অটোরিকশা বিতরণ।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান ও মরিচের উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারি প্রণোদনার আওতায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় চারজনকে মুদি দোকান ও অটোরিকশা প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুজ্জামান, স্থানীয় সাংবাদিক, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় ১,৮০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ১০০ জন কৃষককে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
এদিকে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার মূলগাঁও এলাকার সিরাজ উদ্দিনকে একটি মুদি দোকান এবং কাপাইস এলাকার কামরুন্নাহার, পুনসহি এলাকার শামসুন নাহার ও চৌড়া এলাকার মারজিয়া বেগমকে একটি করে অটোরিকশা বিনামূল্যে প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইউএনও এ টি এম কামরুল ইসলাম বলেন, কৃষি উৎপাদন ব্যয় কমানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রান্তিক কৃষকদের সহায়তা দিতেই সরকার এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি কৃষকদের প্রাপ্ত বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।