স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় পৃথক তিনটি মামলায় তিন ব্যক্তিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর ২০২৬) কালীগঞ্জ উপজেলার বাদারতি ও দড়িসোম এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব আল-আমিন হালদার (১৯১১৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় মোট তিনটি মামলা (১৯৫–১৯৭/২০২৬) দায়ের করা হয়। এর মধ্যে মো. রাজু আহমেদকে ৫ হাজার টাকা, চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা এবং মো. রেজাউলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ঘটনায় কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
জরিমানাপ্রাপ্তরা হলেন—দড়িসোম গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে মো. রাজু আহমেদ (৪০), একই এলাকার মৃত মোতালিব হোসেনের ছেলে চুন্নু মিয়া (৪০) এবং দক্ষিণ ভাদাত্তী গ্রামের মৃত মাজম আলীর ছেলে মো. রেজাউল (৪৫)।
মামলাগুলোর প্রসিকিউটর হিসেবে রাষ্ট্র এবং বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম দায়িত্ব পালন করেন। জরিমানার অর্থ ডি.সি.আর নম্বর ৭২৫৫০৩–৭২৫৫০৫-এর মাধ্যমে আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।