স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড
গাজীপুর, ১৯ এপ্রিল ২০২৬: গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলায় দুইজনকে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া (০৯নং ওয়ার্ড) ও কাপাইশ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা দুটি মামলায় এ রায় দেওয়া হয়। প্রথম মামলায় একজনকে ছয় মাস এবং দ্বিতীয় মামলায় অপরজনকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উভয় আসামিকে কোনো অর্থদণ্ড (জরিমানা) প্রদান করতে হয়নি।
মামলার প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই মো. জহিরুল ইসলাম। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম আদালতের কার্যক্রমে সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এলাকায় মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।