স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলার বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় নেতাকর্মীরা স্ব উদ্যোগে ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছিলেন। তবে এসব ব্যানার-ফেস্টুন পরদিনই ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে, যা ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
ঘটনার পর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, এই ঘটনা পূর্বপরিকল্পিত এবং ন্যাক্কারজনক। তাদের দাবি, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুগত্যবোধ রাখেন না, তারাই এই ধরণের অপকর্মের পেছনে জড়িত।
স্থানীয় নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, পূর্বেও নাটোরে এক স্বঘোষিত নেতা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে, তার পোস্টার ছাড়া অন্য কারও পোস্টার শহরের দেয়ালে লাগানো যাবে না। এবার ব্যানার-ফেস্টুন ছেঁড়ার মধ্য দিয়ে তিনি সেই মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলে তারা মনে করছেন।
জাতীয়তাবাদী সাইবার দলের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. গুলমেরাজ হ্যামলেট বলেন, “যাদের মধ্যে দলীয় আদর্শ নেই, তারাই প্রতিহিংসার রাজনীতি করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও অভিজ্ঞজনরা মনে করছেন, ব্যানার-ফেস্টুন ছেঁড়ার মতো ঘটনাগুলি নাটোরে রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে উগ্র গোষ্ঠী সক্রিয় হয়ে উঠতে পারে। তাই তারা দ্রুত সাংগঠনিকভাবে সচেতন এবং রাজনৈতিকভাবে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।